সখীপুরে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ ও ছিনতাই
সখীপুর: টাঙ্গাইলের সখীপুরে ডিবি পুলিশ পরিচয়ে দুই কৃষককে অপহরণ করে সঙ্গে থাকা আড়াই লাখ টাকা ও দুটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে । মঙ্গলবার বিকেল ৪ টার দিকে সখীপুর-ঢাকা সড়কের শোলাপ্রতীমা গাদুর স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে । এ ঘটনায় ওইদিন রাতেই সখীপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে ।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, উপজেলার বোয়ালী গ্রামের আবদুল মান্নান (৪০) ও মোতালেব মিয়া (৬০) নামের দুই কৃষক ব্র্যাক ব্যাংক নলুয়া শাখা থেকে আড়াই লাখ টাকা ঋণের চেক গ্রহণ করেন । ঋণের চেক দিয়ে অগ্রণী ব্যাংক সখীপুর শাখা থেকে টাকা উত্তোলন করে ওই দুই কৃষক সিএনজি যোগে বাড়ির দিকে রওনা হলে ঢাকা-সখীপুর সড়কের শোলাপ্রতীমা গাদুর স্টেশন এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস তাদের গতিরোধ করে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদের মাইক্রোবাসে উঠিয়ে নেন । পরে তাদের হাতে হ্যান্ডকাপ পড়ায় এবং গামছা দিয়ে মুখ বেঁধে ফেলে। তাদের সঙ্গে থাকা আড়াই লাখ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে রাত ৮ টার দিকে গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় একটি জঙ্গলের কাছে ফেলে রেখে যায় । এ সময় অপহরণকারীদের পড়নে ডিবি পুলিশের পোষাক, ওয়াকিটকি ও লাঠিসোটা ছিল বলে ভুক্তভোগীরা জানান ।
ভুক্তভোগী আবদুল মান্নান বলেন, ডিবি পুলিশ পরিচয়ে আমাদের নামে মামলা রয়েছে বলে মাইক্রোতে আমাদের উঠিয়ে নিয়ে যায় । পরে আমাদের হাতে হ্যান্ডকাপ পড়িয়ে মুখ বেঁধে ফেলে । এ সময় আমার সঙ্গে থাকা আড়াই লাখ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় । রাতে রাজেন্দ্রপুর এলাকায় একটি জঙ্গলে আমাদের ফেলে রেখে চলে যায় ।
এব্যাপারে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে ।

কোন মন্তব্য নেই